বরিশালে চুরির চারদিন পর নবজাতক উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ০৮ জুন ২০১৭, ১৯:৩৬
 
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতাল থেকে চুরির চারদিন পর র‌্যাব-৮ বৃহস্পতিবার ভোর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে।
 
এসময় চুরির সাথে জড়িত রিনা বেগম (২২), তার স্বামী মো. সোলায়মান হোসেন (২৮) ও রিনার মা হাওয়া বিবিকে (৪৫) আটক করা হয়। আটককৃতদের বাড়ি বরগুনা জেলার তালতলি উপজেলার নলবুনিয়া গ্রামে।
 
বৃহস্পতিবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয় সংবাদ সম্মেলনে পরিচালক লে. কর্নেল আনোয়ারুজ্জামান জানান, হাওয়া বিবি তার নি:সন্তান কন্যা রিনা বেগমকে দেওয়ার জন্য নবজাতক তাসকিনকে গত ৪ জুন শেবাচিম হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যান।
 
হাওয়া বেগম ভুল ঠিকানা দিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে তাদের সহজে খোজে পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজখবর নিয়ে ফতুল্লা থেকে হাওয়া বিবিকে গ্রেফতার করে।
 
তার স্বীকারোক্তি অনুযায়ী  বৃহস্পতিবার ভোরে ফতুল্লা এলাকার সোলায়মানের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়। ওই বাসা থেকেই রিনা ও তার স্বামী সোলায়মানকে গ্রেফতার করা হয়।
 
বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া নবজাতক তাসকিনকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তাসকিনের পিতা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ৫ জুন কোতোয়ালী মডেল  থানার মামলা দায়ের করেন।
 
মেহেন্দীগঞ্জের বাসিন্দা আনোয়ারের স্ত্রী সালমা বেগম ১ জুন শেবাচিমে পুত্র সন্তানের জন্ম দেয়। ৪ জুন রাতে ঐ নবজাতককে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে পালিয়ে যায় পাশের বেডে চিকিৎসাধীন থাকা হাওয়া বেগম।
 
ইত্তেফাক/জামান