পুলিশের গুলিতে ৫ কৃষক নিহত হওয়ার পরে উত্তাল ভারতের মধ্য প্রদেশের মন্দসৌর যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার স্থানীয় একটি টেন্ট হাউজকে অস্থায়ী কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে।
কৃষকদের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষে রাহুল গান্ধী বলেন, ধনীর ঋণ মওকুফ করে কৃষকদের গুলি করছে সরকার। মঙ্গলবার ঋণ মওকুফের দাবি করা কৃষকদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে পাঁচ কৃষকের মৃত্যু হয়।
এর জেরে বিক্ষোভ যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ইন্টারনেট পরিষেবা নিষ্ক্রিয় করে দেয় প্রশাসন। লাগাম দেওয়া হয় বাল্ক মেসেজ পাঠানোতেও। তারপর থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় মধ্যপ্রদেশের মান্দাসৌর জেলায়। উত্তেজনা প্রশমনে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের সরকার কালেক্টর ও পুলিশ সুপারকে বদলি করার সিদ্ধান্ত নেয়।
এদিন সকালে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে মন্দসৌরের দিকে রওনা হলে বারবার পুলিশের বাধার মুখে পড়তে হয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে। রাজস্থান থেকে মধ্যপ্রদেশের দিকে ঢোকার চেষ্টা করেন তিনি। তবে তাঁকে মন্দসৌরে ঢুকতে দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল পুলিশ। পুলিশকে ফাঁকি দিয়ে রাহুল বাইকে চেপে রওনা হলেও তা ফলপ্রসূ হয়নি। মন্দসৌরে ঢোকার মুখে নিমচিতে তাঁকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। সাংবাদিকদের সামনে রাহুল জানিয়েছেন, তাঁকে গ্রেপ্তারির জন্য কোনও কারণ দর্শায়নি পুলিশ। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সাব্বির
