স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম চিকুনগুনিয়া বিস্তার প্রতিরোধে এডিস মশা ও এর লার্ভা নিধনের ক্র্যাশ প্রোগ্রাম অব্যাহত রাখার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জুম্মা ও তারাবির নামাজের সময় যার যার নিকটস্থ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনগণকে সচেতন করতে ইমামদের প্রতি বিশেষ বয়ান প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকুনগুনিয়ার বিস্তার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কার্যক্রম গ্রহণে জনপ্রতিনিধদের ভূমিকা রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে চিকুনগুনিয়া বিস্তার প্রতিরোধ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এসব আহ্বান জানান। সভা চলাকালে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের মেয়র এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সঙ্গে টেলিফোনে কথা বলে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন তিনি।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর কর্তৃক সম্প্রতি পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে ঢাকা শহরের ২৩টি এলাকাকে চিকুনগুনিয়ার জন্য অধিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশা নিধন কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ প্রদান করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাড়ির ভিতরে, বাড়ির ছাদে যেন পানি জমে না থাকে সে দিকে জনগণকে খেয়াল রাখাতে হবে।
প্রয়োজনে বাড়ির ভিতর গিয়ে মশা নিধন কর্মসূচি চালাতে সিটি করপোরেশনের লোকদেরকে সহযোগিতা করার জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। নিধন কর্মসূচিকে বেগবান করতে এনজিও, স্কাউটদের সহায়তা নেওয়ারও পরামর্শ দেন মন্ত্রী। চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে আতঙ্ক না ছড়িয়ে গণসচেতনতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাগের কোনো আশঙ্কা নেই। সরকার এক্ষেত্রে বরাবরের মতোই প্রস্তুত।
ইত্তেফাক/নূহু
