ভেনিজুয়েলায় স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর বিচার শুরুর একটি প্রস্তাব সাংবিধানিক পরিষদে পাস হয়েছে। তার সংসদীয় দায়মুক্তি বাতিল করা হয়েছে। এর ফলে কোনো অপরাধে তার বিচার করা যাবে।
এর আগে সুপ্রিম কোর্ট গুয়াইদোর দায়মুক্তি বাতিল করার নির্দেশনা দিয়েছিল। ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় তাকে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছিল সর্বোচ্চ আদালত।
সাংবিধানিক পরিষদে সবাই প্রেসিডেন্ট মাদুরোর সমর্থক। গুয়াইদো এই প্রস্তাব পাসকে ‘অবৈধ’ উল্লেখ করেছেন। জাতীয় পরিষদে গুয়াইদোর সমর্থকদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কোনো লাভ হবে না। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট সরকারি কাজে গুয়াইদোকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
এদিকে ভেনিজুয়েলায় বিদ্যুৎমন্ত্রী পদে রদবদল আনা হয়েছে। একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে মন্ত্রী করা হয়েছে। দেশটিতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় চলছে।-রয়টার্স
ইত্তেফাক/এমআর
