শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষনের সমন্বয়ে গঠিত ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট এডভাইজরি কমিটি (সিএসি) অনিল কুম্বলেকেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সূত্র নয়াদিল্লি টেলিভিশনকে (এনডিটিভি) এ কথা জানিয়েছে।
গতরাতে তিন সদস্যের কমিটি বৈঠক করেছে এবং তারা কিংবদন্তী লেগ স্পিনার কুম্বলেকেই স্বপদে রাখতে ইচ্ছুক। এই তিন সদস্যই রবি শাস্ত্রির জায়গায় কুম্বলেকে ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। ছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অধিকাংশ সদস্যও কুম্বলেকে না সরানোর পক্ষে।
তিন সদস্যের কমিটির সকলেই বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে ইংল্যান্ড অবস্থান করছেন। তারা লন্ডনে কোচ ইসু্যুতে প্রায় দুই ঘন্টা বৈঠক করেন। এরপর বিসিসিআই প্রধান নির্বাহীকে আরো সময় নেয়ার কথা জানিয়েছেন।
অধিনায়ক বিরাট কোহলিসহ দলের বেশিরভাগ খেলোয়াড়ই কুম্বলেকে পছন্দ করে না বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে কোহলি নিজেই সব অস্বীকার করেছেন। এ ছাড়া কোহলি কর্তৃপক্ষকেও কিছু বলেনি জানিয়েছে বিসিসিআই। বিসিসিআই কোচ নিয়োগ দানের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। যেখানে কুম্বলে, বিরেন্দার শেবাগসহ ছয়জন আবেদন করেছেন। বাসস।
ইত্তেফাক/রেজা
