সত্যজিতের পর ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন সৌমিত্র

আপডেট : ১০ জুন ২০১৭, ১৩:০৯
 
তিরিশ বছর পর ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার বা লেজিয়ঁ দ’ নরে পাচ্ছেন কোন বাঙালি। ১৯৮৭ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরঁ কলকাতা শহরে এসে সত্যজিৎ রায়ের হাতে তুলে দিয়েছিলেন এই সম্মাননা।
 
সেই ‘লেজিয়ঁ দ’ নর’-ই এবার পেতে চলেছেন সত্যজিতের প্রিয় নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। এর আগে ফরাসি সংস্কৃতিমন্ত্রনালয়ের ‘অফিসিয়ে দে’ জার এ মেত্রিয়ে’ শিরোপায় সম্মানিত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
 
এবার ১৮০২ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের চালু-করা সম্মানও তার হাতে। ‘বাঙালি অভিনেতা হিসেবে আমার কাজ যে আন্তর্জাতিক মানুষজনের মন ছুঁয়েছে, সেটাই আমার কাছে প্রাপ্তি,’ বলছিলেন তিনি।
 
এটিই ফ্রান্সে কোনও শিল্পীর জন্য সর্বোচ্চ সম্মান, সৌমিত্রই প্রথম ভারতীয় অভিনেতা, যিনি ভূষিত হলেন সেই সর্বোচ্চ ফরাসি শিল্পী-সম্মানে।
 
সৌমিত্র স্মৃতিচারণা করে বলেন, ‘যে সময়ে ছবির কাজ শুরু করেছি, তার আগে থেকেই ফরাসি দেশের শিল্প, সাহিত্য মুগ্ধ করত আমাকে। সে দেশের কবি, চিত্রকর, চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, নাট্যকারদের শিল্পকর্মে ডুবে থাকতাম।’
 
ভারতীয় চলচ্চিত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দাদাসাহেব ফালকে পেয়েছেন এ প্রবীণ অভিনেতা। ২০০৪-এ পেয়েছিলেন পদ্মভূষণ। জাতীয় পুরস্কারের পাশাপাশি ১৯৯৮-এ সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছিলেন তিনি।
 
ইত্তেফাক/আনিসুর