'কে কয় সিট পাবে তা জনগণ নির্ধারণ করবে'

আপডেট : ১০ জুন ২০১৭, ১৮:০৬
 
সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'আগামী নির্বাচনে কে কয় সিট পাবে তা জনগণ নির্ধারণ করবে। বিএনপি নেতা ফখরুল কিভাবে ঐশীবানী পেলেন যে আওয়ামী লীগ ৩০ সিট পাবে। ইতিপূর্বে ৩০ সিট অন্যকে দিতে গিয়ে নিজেরা ৩০ সিট পেয়েছে। আগামী নির্বাচনে বিপুল ভোট পেয়ে তৃতীয়বারের মত বিজয়ী হবে আওয়ামী লীগ।'
 
শনিবার দুপুরে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মন্ত্রী এসব কথা বলেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, 'আপনারা জনগণের সাথে ভালো আচরণ করেন। মানুষের সাথে খারাপ আচরণ করলে আপনাদের ভয়ে এখন তারা প্রতিবাদ করবেনা, নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে প্রতিবাদ করে এর শাস্তি দেবে।'
 
'যারা ভাবে ২০০১ সাল আবার ফিরে আসবে তারা বোকার সর্গে বাস করছেন' উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'তখনকার আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ সম্পূর্ণ ভিন্ন।' তিনি বলেন, 'দু:সময়ের আওয়ামী কর্মীদের কোণঠাসা করবেন না। তাদের খোজ খবর নিন।'
 
সভায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, '২০০১ সাল থেকে ২০০৬ সাল খারাপ ও দু:সময় ছিলো, হাওয়া ভবন বানিয়ে সরকারের ভেতর সরকার বানিয়ে ছিলো, টেন্ডারবাজী করেছে, হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। উগ্র মৌলবাদী সংগঠনকে মাথা চাড়া  দিতে মদদ দিয়েছে বলে সিএনএন অনলাইনে প্রচার হয়েছে।'
 
জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমানে সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ফেনী -২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের তৃনমূল নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/জামান