জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগে সুফল পাচ্ছে না অভয়নগরবাসী

আপডেট : ১১ জুন ২০১৭, ০২:৪৯

অভয়নগরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভা লাখ লাখ টাকা খরচ করলেও কার্যত তেমন ফল পাওয়া যাচ্ছে না। টানা বর্ষণে ডুবে যাচ্ছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও দোকানপাট। অনেকের বাড়ির ভিতর ঢুকে পড়ছে বৃষ্টির পানি। নগরীর নিম্নাঞ্চলের আবাসিক এলাকাগুলোতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে অভয়নগরবাসী।

ক্লিনিক পাড়া ৬নং ওয়ার্ডের আবুল হোসেন বলেন, ‘আমাদের এলাকায় একটু বৃষ্টি হলেই বাড়িঘরে হাঁটুপানি জমে যায়। বিষয়টি নিয়ে আমরা পৌরসভায় অভিযোগ করেছি কিন্তু কোনো প্রতিকার পাইনি।’

৬নং ওয়ার্ডের কমিশনার বলেন, ‘টেন্ডার না পড়া পর্যন্ত কালভার্ট, ড্রেন ইত্যাদি নির্মাণ করা সম্ভব নয়।’

পৌর মেয়র বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে অভয়নগরে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না। নিম্নাঞ্চলের শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠান, হোস্টেল, ব্যবসায় প্রতিষ্ঠান, নুরবাগ কাঁচাবাজার, গরুহাটা, ক্লিনিক পাড়াসহ অভয়নগরের বিভিন্ন এলাকা একটু বৃষ্টি হলেই পানিতে নিমজ্জিত হচ্ছে।’

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা, অবৈধভাবে ভৈরব নদ দখল— নানা কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্টদের কোনো মাথা ব্যথা নেই। যত সব ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুুষকে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যত্রতত্র বাড়িঘর, পলিতে ভৈরব নদ ভরাট হয়ে পড়ায় মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ইত্তেফাক/নূহু