বর্তমান সরকারের অধিনে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের অধিকাংশ নাগরিক।
সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এই জরিপে অংশ নেয়া ৬৪ ভাগ উত্তরদাতা তাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে বলে মত দিয়েছেন। চলতি বছরের প্রথম ৬ মাসে চালানো এই গবেষণা অনুসারে মাত্র ২৪ ভাগ নাগরিক মনে করেন তাদের জীবনমানের উন্নয়ন হয়নি। অন্যদিকে উত্তরদাতাদের ১১.৪ ভাগ জানিয়েছেন, তাদের জীবনমান অপরিবর্তিত রয়েছে।
বর্তমান সরকারের অধিনে বেশ দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বাংলাদেশের। স্বাধীনতার পর প্রথমবারের মত আমরা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রিপোর্ট অনুসারে ২০১৬ সালে বাংলাদেশ ৭.১ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। গত ৬ বছর ধরে বাংলাদেশ শতকরা ৬ ভাগের বেশি প্রবৃদ্ধি অর্জন করে আসছে।
এই গবেষণায় অংশ নেয়া বাংলাদেশের নাগরিকদের কাছে জানতে চাওয়া হয়- দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে কিনা? এর উত্তরে ৬৮.৬ ভাগ উত্তরদাতা জানিয়েছে, দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ১৩.৭ ভাগ মত দিয়েছেন, দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে না।
২০১৭ সালের মার্চ মাসে ইন্ডিপেন্ডেন্ট এবং রিসার্চ ডেভেলোপমেন্ট সেন্টার (আরডিসি) সম্মিলিতভাবে ১ হাজার ৫ জন মানুষের ওপর টেলিফোন-ইন্টারভিউয়ের মাধ্যমে এর এই জরিপ পরিচালনা করে। আরডিসির পূর্ববর্তি জরিপ গবেষণায় ব্যবহৃত ২৫ হাজার বাংলাদেশি নাগরিকের ‘টেলিফোন ব্যাংক’থেকে এই ১০০৫ জনের কাছে ফোন করা হয়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) চালানো জনমত জরিপের বেশ কাছাকাছি ফলাফল মিলেছে ইন্ডিপেন্ডেন্ট ও আরডিসি পরিচালিত এই জরিপে। ২০১৬ সালের জানুয়ারিতে আইআরআই জরিপের ফল প্রকাশ করা হয়। সেখানে ৬৪ ভাগ উত্তরদাতা জানিয়েছিল, দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। ২০১৫ সালে ব্রিটিশ কাউন্সিল, অ্যাকশন এইড বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সম্মিলিতভাবে একটি গবেষণা পরিচালনা করে। সেখান থেকে জানা যায়, যুব সমাজের ৭৫ ভাগ মনে করে, আগামী ১৫ বছরের মধ্যে দেশ আরো সমৃদ্ধশালী হবে। তাদের ৬০ ভাগ মনে করে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/ইউবি
