ভারতই বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ

আপডেট : ১২ জুন ২০১৭, ০৯:৫২
আনুষ্ঠানিকভাবে এখনো কথাটা বলা যাচ্ছে না। কারণ, আজ  সোমবার পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি এখনো বাকি আছে। তবে সেই ম্যাচে খুব অস্বাভাবিক কিছু না ঘটলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার কথা ভারতের।
 
গতকাল রাতে ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারানোর ভেতর দিয়ে ভারত নিশ্চিত করেছে সেমিফাইনাল খেলা। আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ৪৪.৩ ওভারে অলআউট হয়েছিলো ১৯১ রানে। জবাবে ৩৮ ওভারে খেলেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
 
এই জয়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা একটু অনিশ্চিত আছে এখনো। কারণ আজকের পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে যে জিতবে তার পয়েন্ট হবে ৪। ভারতেরও পয়েন্ট আছে ৪। রানরেটে গতকাল পর্যন্ত অনেক এগিয়ে ছিলো ভারত। ফলে তাদেরই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা। কিন্তু আজ যদি পাকিস্তান বা শ্রীলঙ্কা দারুণ এক তরফা জয় পায়, তবে হিসেব বদলে যেতে পারে।
 
হিসেব যাই হোক, মূল কথা হলো এই গ্রুপের সেরা দলের সাথে বাংলাদেশ খেলবে সেমিফাইনাল। আগামী ১৫ তারিখ বার্মিংহামে অনুষ্ঠিত হবে সেই সেমিফাইনাল।
 
গতকালকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার শুরুটা খুব খারাপ হয়নি। একটু ধীরগতির হলেও ৭৬ রানের একটা উদ্বোধনী জুটি পেয়েছিলো তারা। হাশিম আমলা ৩৫ রান করে আউট হয়ে যাওয়ার পর আরেক ওপেনার কুইন্টন ডি ককের সাথে যোগ দেন ফাফ ডু প্লেসিস। ডি কক ৫৩ রান করে ফেরেন। এরপর ৩৬ রান করে ফেরেন ডু প্লেসিস। এরপর আর পায়ের নিচে মাটি খুঁজে পায়নি আফ্রিকানরা। ৭৫ রান যোগ করতে শেষ ৯ উইকেট হারিয়েছে দলটি। আরো ভালো করে বললে বলা যায় ৫১ রানে হারিয়েছে তারা ৮ উইকেট।
 
জবাব দিতে নেমে ইনফর্ম ওপেনার রোহিত শর্মাকে দ্রুতই হারায় ভারত; তিনি ফেরেন ১২ রান করে। এরপর বিরাট কোহলি ও শিখর ধাওয়ান ১২৮ রানের জুটি করেন। মারাত্মক ফর্মে থাকা ধাওয়ান আউট হওয়ার আগে করেন ৭৮ রান।  আর ৭৬ রানে অপরাজিত কোহলি খেলা শেষ করেই ফেরেন।
 
ইত্তেফাক/এমআর