লাল মাটির গন্ধ তার রন্ধ্রে রন্ধ্রে। যে মাটিতে দাঁড়ালে একটাই আওয়াজ ওঠে ‘সম্রাট’। ফাইনালে তাকে যেখানে কেউ কোনোদিন হারাতে পারেনি। রবিবারও ইতিহাস পাল্টাল না। স্তানিস্লাস ভাভরিঙ্কার ব্যাকহ্যান্ডটা নেটে জড়িয়ে যেতেই সটান কোর্টে শুয়ে পড়লেন তিনি। রোলঁ গ্যারোজ তার সম্রাটকে ইতিহাসে জায়গা করে দিল কাউকে অবাক না করেই। যেন এটাই প্রত্যাশিতই ছিল। চব্বিশ ঘণ্টার মধ্যে ফরাসি ওপেনে এ যেন আর এক রূপকথা। সম্রাট ফিরে পেলেন তার মুকুট দশ নম্বর ফরাসি ওপেন জিতে। তিনি রাফায়েল নাদাল।
এটা কেবল স্বাভাবিক কোনো জয় নয়, প্রথম খেলোয়াড় হিসেবে কোনো একটি গ্র্যান্ড স্লাম ১০ বার হাতে নেওয়ার কৃতিত্ব গড়লেন তিনি। ৬-২, ৬-৩, ৬-১ গেমে ফ্রেঞ্চ ওপেনে ‘লা দেসিমা’ জিতলেন নাদাল। এনিয়ে ১৫টি গ্র্যান্ড স্লাম জিতে সর্বকালের শীর্ষদের তালিকায় পিট স্যাম্প্রাসকে টপকে দুই নম্বরে উঠলেন তিনি। তার চেয়ে তিনটি বেশি শিরোপা জিতে সবার উপরে আছেন রজার ফেদেরার (১৮)। ২০১৪ সালের পর প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের স্বাদ পেলেন ৩১ বছর বয়সী নাদাল।
IMG0
আর্জেন্টিনার মারিয়ানো পুয়ের্তোকে হারিয়ে ২০০৫ সালে শুরু হয়েছিল। রোলাঁ গারোঁজেতে পরে টানা চারবার হেসেছে নাদালের র্যাকেট। ২০০৯ সালে সিংহাসন হারান রাজা। ফেরেন ২০১০ সালে, সেবারসহ পরের টানা চার আসরে আবারো লাল দুর্গ মাতান। দশ নম্বরটি এল এবার।
IMG1
টেনিসের উন্মুক্ত যুগে প্রথম আর ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ড স্ল্যামে ১০টি শিরোপা জিতলেন নাদাল। অস্ট্রেলিয়ার মেয়েদের সাবেক সেরা মার্গারেট কোর্ট স্বদেশী ওপেনে ১১টি শিরোপা জিতে এগিয়ে আছেন। সব মিলিয়ে ক্যারিয়ারে নাদালের এটা ১৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়। ইএসপিএন।
ইত্তেফাক/সেতু
