চিত্রনায়িকা পপি সাধারণত ঈদ এলে ছোটপর্দায় কাজ করেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তিনি দুটি কাজ করছেন। একটি নাটকের কাজ রোজার আগেই তিনি শুরু করেছেন।
কুসুম ও কলির অন্যরকম প্রেম ভালোবাসার গল্প নিয়ে সাদেক সিদ্দিকীর চিত্রনাট্য ও নির্দেশনায় নির্মিত হচ্ছে ‘কুসুমপুরের কুসুম কলি’ টেলিফিল্মটি। এতে কুসুম চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি ও কলি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ইমন এখন ছোটপর্দার কাজেও বেশ নিয়মিত হয়েছেন।
যে কারণে বর্তমানে তিনি ছোটপর্দার কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। প্রচণ্ড গরমে পপি ও ইমন শুধুমাত্র ভালো গল্পের কারণেই পূবাইলে টেলিফিল্মটির শুটিংয়ে অংশ নিচ্ছেন।
টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘কুসুমপুরের কুসুম কলি টেলিফিল্মটির গল্প এক কথায় খুব চমত্কার। আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং। সব মিলিয়েই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী। যে কারণে যথেষ্ট শ্রম, একাত্মতা নিয়ে কাজটি করছি।’
দীর্ঘ ৫ বছর পর পপির সঙ্গে আবারও কাজ করা প্রসঙ্গে চিত্রনায়ক ইমন বলেন, ‘৫ বছর আগে বলা যায় নায়ক হিসেবে আমি নতুনই ছিলাম। আমি নতুন হলেও তিনি আমাকে যে আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছেন তা মনে রাখারই মতো। এত বছর পর এসেও তার মধ্যে আমি কোনো পরিবর্তন দেখিনি।’
ইত্তেফাক/আনিসুর
