রণবীর চাইলেন পাওনা টাকা, অস্বীকার করলেন শাহরুখ

আপডেট : ১২ জুন ২০১৭, ১১:৩৭
 
শাহরুখ খানের কাছে পাঁচ হাজার টাকা নগদ দাবি করে বসলেন রণবীর কাপূর! কিন্তু সে দাবিকে উড়িয়ে দিলেন শাহরুখ! কাহিনীটা ঠিক কী?
 
শাহরুখ খান-আনুশকা শর্মা জুটির নতুন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’র নাম আগেই ঘোষণা হয়েছে। রণবীরের দাবি, এই ছবির নাম তিনিই দিয়েছেন। মুম্বাইতে তার পরের ছবি ‘জগ্গা জসুস’র দ্বিতীয় গানের মুক্তি উপলক্ষে এই রহস্য ফাঁস করেন স্বয়ং নায়ক। 
 
রণবীর বলেন, ‘যব হ্যারি মেট সেজাল নামটা আমি সাজেস্ট করেছিলাম। আমি এখনই মান্নাতে গিয়ে শাহরুখের থেকে পাঁচ হাজার টাকা নেব। কারণ টাইটেলটা আমার।’
 
রণবীর জানিয়েছেন, বেশ কয়েক মাস আগে মেহবুব স্টডিওয় তার ছবির শুটিং চলছিল। সেখানেই অন্য ফ্লোরে শুট করছিলেন শাহরুখ ও ইমতিয়াজ আলি। তাদের সঙ্গে দেখা করতে গিয়ে এই নামের কথা বলেন রণবীর। তখন সবাই হেসে বলেছিল, যাচ্ছেতাই টাইটেল। আর এখন ছবির পোস্টারে তার রাখা নাম দেখে তিনি খুব খুশি।
 
তবে এই দাবি সোশ্যাল মিডিয়ায় অস্বীকার করেছেন শাহরুখ খান নিজেই। তিনি টুইট করেন, ‘রণবীর এই দাবি করলেও যব হ্যারি মেট সেজাল-এর নাম ও কখনও দেয়নি। ফলে পাঁচ হাজার টাকাটাও ও পাবে না।’
 
ভারতীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে, ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিটির নাম প্রথমে ঠিক হয়েছিল ‘দ্য রিং’। পরে পাল্টে হয় ‘রেহনুমা’। কিন্তু সেটাও পছন্দ না হওয়ায় নতুন নাম রাখা হয় ‘যব হ্যারি মেট সেজাল’। বলিউড লাইফ।
 
ইত্তেফাক/আনিসুর