প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির সমুদ্র উপকুলে নৌকা ডুবিতে অস্ট্রেলিয়া, ফিজি ও পাপুয়া নিউগিনির তিন নাগরিক নিখোঁজ হয়েছে। এছাড়া একই নৌকায় থাকা নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে জানায়, গ্রুপটি শনিবার মোরসেবি বন্দর ত্যাগ করে এবং উত্তাল সমুদ্রে গিয়ে নৌকাডুবির কবলে পড়ে।
পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষ নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য ঘটনার পরপরই অভিযান শুরু করে। বন্দর নগরী মোরসেবি থেকে প্রায় ১শ’ কিলোমিটার এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। হেলিকপ্টারযোগে তল্লাশি চালানোর সময়ে বালুর উপর সাহায্য লেখা দেখে এক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তি মোরসেবি বন্দরের একজন কর্মী। প্রতিষ্ঠানটির একজন মহিলা মুখপাত্র বলেন, আশা করা যাচ্ছে নিখোঁজ অপর তিনজনকেও উদ্ধার করা সম্ভব হবে। এএফপি।
ইত্তেফাক/সেতু
