আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার পতনের আন্দোলনের নামে যারা দেশের নিরীহ মানুষকে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে হত্যা করেছে তাদের তালিকাও সরকারের কাছে রয়েছে।
সোমবার দুপুরে নির্যাতনকারীদের তালিকা করা হচ্ছে বলে করা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, নির্যাতনকারীদের তালিকা তৈরি করা হচ্ছে। আমাদের কাছেও যারা পেট্রলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছিল তাদের তালিকাও রয়েছে।’
আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা আগামী নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া চান না।
ইত্তেফাক/এএম।
