জাতীয় প্রেসক্লাবে আগামী ২১ জুন জাতীয়তাবাদী ঘরানার সাংবাদিকদের পুর্বনির্ধারিত ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের ক্ষেত্রে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ বাধা প্রদান করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আব্দুল হাই শিকদার ও সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান এ অভিযোগ করেন।
এ সময় উপস্থি ছিলেন সাংবাদিক নেতা রিয়াজ উদ্দিন আহমদ, রুহুল আমীন গাজী, সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গণতান্ত্রিক ঐতিহ্য এবং ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে এর জাতীয় মঞ্চের চরিত্রকে আজ বিপন্ন করে তোলা হচ্ছে। প্রতি বছর মাহে রমজানে প্রেসক্লাব চত্বরে বিএফইউজে ও ডিইউজের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটা দীর্ঘদিনেরই একটি রেওয়াজ। এবারও বেগম খালেদা জিয়া আমাদের ইফতার মাহফিলে অংশ নেয়ার সদয় সম্মতি জানিয়েছেন। আগামী ২১ জুন বুধবার এই ইফতার মাহফিলের তারিখ নির্ধারিত।
তারা বলেন, ‘ইফতার মাহফিলের অনুমতির জন্য রমজানের শুরুতেই আমরা প্রেসক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মৌখিক সম্মতির পর ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান যথাযথ নিয়ম অনুযায়ী লিখিত আবেদন করেন। প্রেসক্লাব সাধারণ সম্পাদক এতে অনুমোদন দেন এবং জাহাঙ্গীর আলম প্রধানকে ইফতার মাহফিল অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার কথাও জানান। কিন্তু এর দুই দিন পর ১০ জুন বিষয়টি নিয়ে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ঢাকা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, ‘নিরাপত্তার কারণে খালেদা জিয়াকে প্রেসক্লাব চত্বরে ইফতার মাহফিলে আসতে দেয়া হবে না।’
ইত্তেফাক/ইউবি
