অটিস্টিক শিশুরা অবহেলিত নয় : উপাচার্য কামরুল

আপডেট : ১২ জুন ২০১৭, ১৯:৫৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, অটিস্টিক শিশুরা এখন আর অবহেলিত নয়। রাষ্ট্র ও সরকার এই শিশুদের পাশে রয়েছে। দেশের চিকিৎসকরাও তাদের পাশে আছেন। 

 

সোমবার বিএসএমএমইউয়ের কেবিন ব্লকে শিশু সার্জারি বিভাগের উদ্যোগে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা (মুসলমানী) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

এস্টাবলিসমেন্ট অফ ইনস্টিটিউট ফর নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) স্কুলে অধ্যয়নরত ১১ জন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়। 

 

উপাচার্য বলেন, অটিস্টিক শিশুদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, উদারতা, ঐকান্তিক ইচ্ছা ও সহযোগিতা রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর কন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ ও ন্যাশনাল এডভাইজরি কমিটি অন অটিজম এন্ড নিউরো-ডেভলপমেন্টাল ডিসঅর্জারের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টার ফলেই এ সব সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

 

শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএসএমএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, ইপনার প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

ইত্তেফাক/ইউবি