বড়াইগ্রামে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৭:০২

নাটোরের বড়াইগ্রামের কয়েন এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন এলাকায় একটি মাঠ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী মাঠে কৃষিকাজে যাওয়ার সময় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। মরদেহের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বলে প্রাথমিক সুরতহাল রিপোর্টে জানা গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৮০। গায়ের রং ফর্সা পরনে সাদা হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি।

আরও পড়ুনঃ গফরগাঁওয়ে অপহরণের তিনদিন পর স্কুলছাত্রী উদ্ধার

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, প্রাথমিকভাবে মৃতের কারণ জানা যায়নি। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে। তবে মৃত ব্যক্তির পরিচয় নির্ণয়ে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু