ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পুড়াদিয়ার টেক গ্রামের মৎস হ্যাচারি মালিক মুশিকুর রহমান খান আশিক মাত্র দুই রাতের ব্যবধানে নিঃস্ব হয়ে পথে বসেছেন। গত সোম ও মঙ্গলবার রাতে চুরি করতে এসে ব্যর্থ হয়ে তার মৎস হ্যাচারিতে বিষ ঢেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ওই হ্যাচারির দুটি পুকুরে প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পুড়াদিয়ার টেক গ্রামের মুশিকুর রহমান খান আশিকের মৎস হ্যাচারির ১২০ শতক ও ১০০ শতক জায়গার ওপর গড়ে উঠা দুটি পুকুরে একদল চোর মাছ চুরি করতে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে যাওয়ায় চুরি করতে ব্যর্থ হয়ে চোরের দল পুকুরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। এতে করে পুকুর দুটির সমস্ত মাছ মরে ভেসে উঠে।
জানা যায়, এই মৎস হ্যাচারির পুকুরগুলোতে রুই, মৃগেল, কালিবাউস, রাজপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন আশিক। এ বছর দুই পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছের পোনা ছাড়া ছিল। পুকুর দুটির মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। কিন্তু চোরদের দেওয়া বিষে সব শেষ হয়ে গেছে।
হ্যাচারি মালিক আশিক বলেন, ‘দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। সব মাছ বিক্রির উপযুক্ত ছিল। কিছু মাছ বিক্রি করে বায়নার টাকাও নিয়েছিলাম। কিন্তু বিষ দিয়ে সব শেষ করে ফেললো। আমি একেবারে পথে বসে গেলাম।’
আরও পড়ুনঃ বড়াইগ্রামে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু
