সাংবাদিক শিমুল হত্যা: ২৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৩ জুন ২০১৭, ১৮:০৪
 
শাহজাদপুর আমলী আদালতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ শুনানি হয়। এতে বাদী শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগমের চার্জশিটের ওপর কোনো আপত্তি না থাকায় আদালতের বিচারক হাসিবুল হক তা গ্রহণ করে নথিভূক্ত করেন এবং পলাতক ২৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 
 
এ ছাড়া আগামী ১০ জুলাই আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করে ওই দিন সকল আসামিকে আদালতে হাজির করার জন্য শাহজাদপুর থানা পুলিশকে নির্দেশ দেয়। এ দিন জামিনে থাকা ৩ আসামি মিন্টু, আলমগীর ও দুলাল আদালতে উপস্থিত ছিলেন। শাহজাদপুর আমলী আদালতের জিআরও আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ দিকে এ চার্জশিট আদালতে গৃহিত হওয়ায় সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি হালিমুল হক মিরুর মেয়র পদ থেকে অপসারণ হতে আর কোনো বাধা রইল না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যেকোনো সময় তাকে এ পদ থেকে অপসারণ বা বরখাস্ত করতে পারবেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম মিয়া জানান।
 
ইত্তেফাক/কেকে