১১ বছর পর তপুর ‘যাত্রী’

আপডেট : ১৪ জুন ২০১৭, ১৩:৫০
 
জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপুর ব্যান্ড ‘যাত্রী’ তাদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে এই ঈদে। ৮টি গান দিয়ে সাজানো হয়েছে তাদের এই অ্যালবামটি। সর্বশেষ তারা ১১ বছর আগে ‘ডাক’ শিরোনামের একটি অ্যালবাম বের করেছিলেন।
 
এ প্রসঙ্গে তপু বলেন, ‘১১ বছর পর অ্যালবাম বের করছি। তাই এটাতে ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা করছি। শ্রোতাদের ভিন্নতা দিতে আমি একটি গানেরও সুর করিনি। তবে সুরের ওপর কথা বসিয়েছি। এই অ্যালবামের মাধ্যমে আমি নিজেকে ভাঙার চেষ্টা করেছি। কারণ আমি আগে অন্যের সুরে খুব একটা কাজ করিনি। এবার অন্যের সুরে গান করতে গিয়ে চ্যালেঞ্জ নিয়েছি। গানগুলো শুনলেই শ্রোতার বুঝতে পারবেন।’
 
যাত্রী ব্যান্ডের গিটারিস্ট সেতু অ্যালবামটি নিয়ে বলেন, ‘আমরা এখন একটি পরিপূর্ণ দল। অনেক যত্ন নিয়েই নতুন অ্যালবাম বের করছি। এই অ্যালবামটি নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। গানগুলো শুনলেই সবাই বুঝতে পারবে এতে নতুনত্ব আছে। আশা করি গানগুলোর মধ্য দিয়ে আমরা দর্শকদের সন্তুষ্ট করতে পারবো।’
 
‘যাত্রী’ অ্যালবাম আসছে ২০ জুন দেশব্যাপী প্রকাশিত হবে বলে জানিয়েছে ব্যান্ডদলটি।
 
ইত্তেফাক/আনিসুর