ঈদে আবারো অনুরূপ আইচের ‘নাচ পাগলা’

আপডেট : ১৪ জুন ২০১৭, ১১:৩৭
 
গত বছর রোজার ঈদে জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছিল অনুরূপ আইচের লেখা খন্দকার বাপ্পি’র গান “নাচ পাগলা”। মোশারফ আজমীর সঙ্গীত পরিচালনায় এই গানটি প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচিত হয়।
 
গত ঈদে এটিএন বাংলার “ঈদের বাজনা বাজারে” ও এশিয়ান টিভি’র “পলিটিক্যাল লিডার শোতে গানটি পরিবেশিত হলে প্রশংসিত হয়। খন্দকার বাপ্পির সাথে এই গানে আরো কণ্ঠ দিয়েছেন লিজেন্ড পপ তারকা ফেরদৌস ওয়াহিদ।
 
বছর-জুড়ে বেশিরভাগ টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানগুলোয় “নাচ পাগলা” গানটি পরিবেশিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই ঈদ উপলক্ষেও বেশ কয়েকটি টিভি শো’র জন্যে “নাচ পাগলা’ গানটি পরিবেশন হবে।
 
ঈদে এশিয়ান টিভির ৩টি বিশেষ অনুষ্ঠান- "নেত্রী বনাম কর্মী", "পলিটিকাল লিডার শো " ও “বিজনেসম্যান শো”তে এটি দেখা যাবে। যেখানে বাংলাদেশের বর্তমান ও সাবেক ১০ জন মহিলা এমপি, মন্ত্রী ও সাথে ৩০০ নেত্রীকে নাচতে ও গাইতে দেখা যাবে এশিয়ান টিভি’র ঈদ আয়োজনে।
 
এছাড়া তাদের আরো একটি অনুষ্ঠানে  উপস্থিত ভিআইপি অতিথিদেরকে নাচ করতে দেখা যাবে ‘নাচ পাগলা’ গানের সাথে। পাশাপাশি আরো তিনটি টিভি শোতে ঈদ উপলক্ষে পরিবেশিত হবে ‘নাচ পাগলা’।
 
অনুরূপ আইচ বলেন, গত বছর রমজান মাসে লেখা এ গানটি প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছিলাম। এক বছর ধরে এই গানের শিল্পী বাপ্পি যত টিভি অনুষ্ঠান ও স্টেজ শো করছে, সবখানে বিশেষ অনুরোধ ছিলো ‘নাচ পাগলা’ গানের পরিবেশনের জন্যে। এই ঈদেও অনেকগুলো  টিভি শোতে গানটি পরিবেশন হতে দেখা যাবে। এটি আমার জন্যে অনেক বড় প্রাপ্তি।
 
ইত্তেফাক/আনিসুর