জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর’র ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘খেলা হলো খুলনায়’। বরাবরের মতো সিরিজটি এবারও নির্মাণের পাশাপাশি ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।
৮ পর্বের সিরিজটিতে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হবে চাঁদ-রাত থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
সকালবেলা গ্রাম থেকে একজন ভদ্রলোক এসেছেন। নাম ননী গোয়ালা। এসেছেন জমির হিসাব-নিকাশ নিয়ে। ভদ্রলোক খুলনায় গ্রামের বাড়ির খড়রিয়াতেই থাকেন। ঢাকা থেকে খুলনায় যাওয়ার সরাসরি কোনো পথ নেই। যশোর পর্যন্ত যেতে হয় বিমানের বিমান ফ্লাইটে ... ছোটকাকু মনস্থির করলেন যাবেন ডোমেস্টিক ফ্লাইটে ...ছোটকাকুর মনজুড়ে ভাবনা যদিও মুখে এই কথা বলছেন।
কিন্তু মনে মনে ঠিকই ভাবছেন বিশ্বকাপের পর এবার মিন্টুকে নিয়ে খেলা হবে খুলনায়? আসলে মিন্টুর কি বিপদ ছোটকাকুর কাছে এখনও স্পষ্ট নয়। সাউথ আফ্রিকা থেকে ফিরে আসার পরই অদ্ভুত সব ঘটনা ঘটছে ...মিন্টু এখন কোথায় আর মিন্টুর খোঁজে সাউথ আফ্রিকা থেকে একজন এই খড়রিয়া গ্রামেই বা আসবে কেন আর ফ্রেঞ্চকাট দাড়িওলা আহসানুল করিমই বা কে?
ছোটকাকু এই কথাগুলোই ভাবছেন ...খুলনায় বিমান অফিস থেকে যখন ছোটকাকু খবর পেলেন ঢাকার দিকে সবুজ মাইক্রোবাস নিয়ে মিন্টুসহ রওনা হয়েছে আহসানুল করিম আর পেড্রো ডি গোমেজ, তখনই ছোটকাকু ঢাকায় তার বন্ধু পুলিশ কমিশনারকে পুরো ব্যাপারটা ফোনে জানিয়ে দিয়েছেন। এমনই রোমাঞ্চরহস্য নিয়ে এবারের ছোটকাকু সিরিজের ধারাবাহিক ‘খেলা হলো খুলনায়’।
ইত্তেফাক/আনিসুর
