কাহালুতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৯:৩৬

বগুড়ার কাহালুতে স্বামীর নির্যাতনে গৃহবধূ মুনিরা আকতারের (২৪) মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে। মুনিরার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী জয়নাল আবেদীনকে (৩৮) গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে কাহালু উপজেলার মুরইল ছোট মিয়াপাড়া গ্রামে।

জানা গেছে, প্রায় ১৩ বছর আগে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর গ্রামের বেলাল হোসেনের কন্যা মুনিরা আকতারের সঙ্গে একই উপজেলার মুরইল ছোট মিয়াপাড়া গ্রামের মোঃ আব্দুল হান্নানের পুত্র জয়নাল আবেদীনের বিয়ে হয়। মুনিরা ১ কন্যা ও ২ ছেলের জননী।

এলাকাবাসী জানায়, স্বামী জয়নাল আবেদীন তাবলীগপন্থী মানুষ। তিনি ইট, সিমেন্ট কেনা-বেচার পাশাপাশি এলপি গ্যাস বিক্রির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। 

মুনিরা পরিবারের লোকজন জানায়, বিয়ের পর থেকেই স্বামী জয়নাল আবেদীন স্ত্রী মুনিরাকে অমানুষিক নির্যাতন চালাতেন। গত বুধবার রাতে জয়নাল আবারও মুনিরার ওপর শারীরিক নির্যাতন চালালে তার মৃত্যু ঘটে। এরপর জয়নাল মুনিরার পরিবারকে বুধবার রাত ২টার দিকে মোবাইল ফোনে সংবাদ দেয় যে, মুনিরা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।

সংবাদ শোনার পর মুনিরার পরিবারের লোকজন মুরইল গ্রামে এসে মুনিরাকে মৃত অবস্থায় দেখে। সে সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বুঝতে পারে, মুনিরা জ্বরে মারা যায়নি। তাকে মারপিট করে হত্যা করা হয়েছে।

অপর দিকে স্বামীর পক্ষের লোকেরা তড়িঘড়ি করে বৃহস্পতিবার সকালেই তার লাশ দাফনের প্রস্তুতি নেয়। মুনিরার পরিবারের পক্ষ থেকে কাহালু থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ সকাল ৮ টার দিকে ঘটনা স্থলে এসে মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করে। তারপর লাশ ময়না তদন্তের জন্য বগুড়ায় পাঠিয়ে দেয়। স্বামী জয়নালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

মামলার তদন্তকারী এসআই আবু হেলাল জানান, মৃতের বুক ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মুনিরার পরিবারের পক্ষ থেকে আরও বলা হয় স্বামী জয়নালকে মুনিরার মৃত্যু সম্পর্কে জিজ্ঞাস করা হলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। এছাড়া সে গ্রামের কোনো মহিলাকে মুনিরার মৃতদেহ দেখতে দেয়নি।

আরও পড়ুনঃ 'রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থসহায়তা উদ্বেগজনকভাবে কমছে'

এসআই আবু হেলাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মুনিরাব পিতা বেলাল হোসেন বাদী হয়ে কাহালু থানায় জয়নালের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/নূহু