‘খোলা হৃদয়’ নিয়ে নওশীন-নিশো

আপডেট : ১৭ জুন ২০১৭, ১১:০৮
 
অপুর শারীরিক অবস্থা খুবই খারাপ। জরুরি ভিত্তিতে ওপেন হার্ট সার্জারি করাতে হবে। ডাক্তারদের বোর্ড মিটিং বসেছে। ডা. শায়নাকে ইমার্জেন্সি ডেকে আনা হয়। মিটিংয়ে সিদ্ধান্ত হয় ডা. শায়নাকেই এই অপারেশন করতে হবে। মিটিংয়ে রোগীর সকল টেস্টগুলো নিয়ে আলোচনা হয়।
 
ডা. শায়না সব কাগজপত্র দেখে অপারেশন করতে সম্মত হয়। শায়না হাসপাতালে ছিলেন না তাই মিটিংয়ের আগে রোগীকে দেখার সুযোগ হয় না। এজন্য সরাসরি মিটিংয়ে যোগ দিয়ে রিপোর্টগুলো দেখে রাজি হয় সে। কিন্তু মিটিং শেষে রোগীর কাছে গিয়েই থমকে যায় শায়না।
 
গল্প মোড় নেয় নতুন বাঁকে। ‘খোলা হৃদয়’ শিরোনামের নাটকটির গল্পে অপু চরিত্র রূপায়ন করেছেন আফরান নিশো। আর শায়না চরিত্রে দেখা যাবে নওশীনকে। নাটকটির রচয়িতা ও নির্মাতা সাজিন আহমেদ বাবু।
 
আরো অভিনয় করছেন রাশেদ শাওন, রঞ্জনা রিপা, নুর ই জান্নাত জারা ও ড. মানস কুমার। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত নাটকটি ঈদের দিন রাত ৯টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে।
 
ইত্তেফাক/আনিসুর