জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গ্রুপ জেরুজালেমের উপকণ্ঠে এক ইসরাইলি নারী পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে হত্যার দায় স্বীকার করেছে। আইএসের এ দাবি সত্য হলে, এটি ইসরাইলে জিহাদিদের প্রথম হত্যার ঘটনা হবে বলে জানাচ্ছে বার্তা সংস্থা এএফপি।
শুক্রবার ইসরাইলি পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফিলিস্তিনের তিন সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। এর পরপরই অনলাইনে দেয়া এক বিবৃতিতে আইএস জানায়, জিহাদি যোদ্ধাদের লক্ষ্য ছিল ‘ইহুদিদের সমাবেশ।’ তবে তারা হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ‘এটিই সর্বশেষ হামলা নয়।’
এদিকে গাজা উপত্যকা শাসন করা ইসলামি গ্রুপ হামাস আইএসের এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, হামলাকারীরা বামপন্থী মুক্তি আন্দোলনের সদস্য ছিল। রমজান মাসের তৃতীয় শুক্রবার এ হামলা চালানো হয়।
IMG0
ইসরাইলি পুলিশ জানায়, দুই সন্ত্রাসী পুলিশ সদস্যদের একটি দল লক্ষ্য করে বেপরোয়া গুলি চালাতে থাকলে তারাও পাল্টা গুলি ছুড়ে। এদিকে তৃতীয় সন্ত্রাসী সামান্য দূরে এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। পরে হামলাকারীদের গুলি করে হত্যা করা হয়।
পুলিশ আরো জানায়, সন্ত্রাসীর ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত নারী পুলিশ সদস্য হাদাস মালকাকে (২৩) হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। এএফপি।
ইত্তেফাক/সেতু
