‘নাটক আমি খুব বেছে করি’: মুনমুন

আপডেট : ১৮ জুন ২০১৭, ১০:৪০
 
ঈদ প্রস্তুতিতে অভিনয়শিল্পী থেকে শুরু করে উপস্থাপক পর্যন্ত কেউ এই ব্যস্ততা থেকে রেহাই পান না। ব্যতিক্রমী কণ্ঠ এবং সাবলীল উপস্থাপনা সব মিলিয়ে ছোটপর্দার প্রিয়মুখে পরিণত হয়েছেন রুমানা মালিক মুনমুন। এবার ঈদের হাতেগোনা কিছু অনুষ্ঠান নিয়ে ব্যস্ত এই লাক্স তারকা। 
 
এবার তিনি ৫ তারকার অংশগ্রহণে ৫ পর্বের সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’ উপস্থাপনা করছেন। এই অনুষ্ঠানটির প্রতিটি পর্বে হাজির হবেন একজন করে তারকা। আর এই অনুষ্ঠানে অংশ নেওয়া তারকারা হলেন চিত্রনায়ক ফারুক, ফেরদৌস, চিত্রনায়িকা রোজিনা, বিদ্যা সিনহা মীম ও অভিনেতা জাহিদ হাসান। উপস্থাপিকার সঙ্গে অতিথির আলাপচারিতায় উঠে আসবে অনেক অজানা কথা।
 
মুনমুন বলেন, ‘আমি বর্তমানে খুব বেছে বেছে কাজ করছি। খুব ভালো কাজ না হলে করছি না। স্টার ক্যানভাস অনুষ্ঠানটি বেশ চমকপ্রদ একটি অনুষ্ঠান। প্রিয় তারকাদের নানা বিষয় নিয়ে ভক্তদের থাকে নানারকম আগ্রহ। চলচ্চিত্র কিংবা টেলিভিশন, যে পর্দারই হোক না কেন, দর্শক চায় তাদের প্রিয়মুখের কথা শুনতে। দর্শকদের এসব আগ্রহকে প্রাধান্য দিয়েই মূলত অনুষ্ঠানটি সাজানো হয়েছে।’ মুনমুন আরও বলেন, ‘নাটক আমি খুব বেছে করি। অনেক প্রস্তাব আছে। হয়তো ব্যাটে-বলে মিললে যেকোনো নাটকে দেখা যাবে।’
 
‘স্টার ক্যানভাস’ পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। অনুষ্ঠানটি ঈদের পরদিন থেকে ষষ্ঠদিন, পর্যন্ত দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।
 
ইত্তেফাক/আনিসুর