সখীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা

আপডেট : ১৮ জুন ২০১৭, ১০:৪৮
টাঙ্গাইলের সখীপুরে ধারালো অস্ত্র দিয়ে সিএনজি চালিত অটোরিকশা চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার প্রতিমাবংকী-কাঙ্গালীছেও সড়কের লাঙ্গুলিয়া বন এলাকায় এ ঘটনা ঘটে। চালকের গলাকেটে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিহত অটোরিকশা চালক আবদুল জলিল (২৫) জেলার বাসাইল উপজেলার রাশরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গণধোলাইয়ের শিকার দুই ছিনতাইকারী সুজন (৩২) ও বিজয়কে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামপুর ডাবের বাড়ি গ্রামে। 
 
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শনিবার বিকেলে যাত্রীবেশি তিন ছিনতাইকারী বাসাইল বাসস্ট্যান্ড থেকে জলিলের অটোরিকশাটি ভাড়া নিয়ে সখীপুরে আসার কথা বলে লাঙ্গুলিয়া এলাকায় একটি বনের কাছে নিয়ে চালকের কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে পালিয়ে যেতে চায়। এসময় ধস্তাধস্তি হলে চালককে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ছিনতাইকারীরা গলাকেটে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাদের দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপর এক ছিনতাইকারী দৌড়ে পালায়। 
 
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, অটোরিকশা চালক আবদুল জলিলকে মুমূর্ষু অবস্থায় শনিবার সন্ধ্যায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার গলার শ্বাসনালী কেটে যায়। শনিবার গভীর রাতে সে মারা যায়। 
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, আটককৃতদের পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নামে হত্যা মামলার প্রস্তুতি চলছে। এদিকে, ঈদকে সামনে রেখে ছিনতাইকারীদের অপতৎপরতায় সখীপুর উপজেলা ও এর আশ-পাশ এলাকার অটোরিকশা চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
ইত্তেফাক/এমআই