মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভরত নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় নারীসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের রাজৈর, ফরিদপুর ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার ভরত নামক স্থানে বরিশাল থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো ব- ১১-৬৭৫২) বিপরীত দিক থেকে আসা আম বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে বিআরটিসি বাসটির সামনের দিকসহ ডানপাশ চুর্নবিচুর্ন হয়ে যায়। অন্যদিকে ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলে বগুড়া জেলার শারিয়াকান্দি গ্রামের স্বপন কুমারের ছেলে শুভ সরকার (২০), বরিশাল মল্লিক রোডের নজরুল হাওলাদারের ছেলে জাকির হোসেন (৪০) ও রূপালী ব্যাংকের ম্যানেজার গিয়াস উদ্দিন (৪০) নিহত হন এবং নারীসহ কমপক্ষে ৩০জন যাত্রী আহত হয়। মারাত্মক আহত রাজবাড়ীর পল্লি উন্নয়ন কর্মকর্তা হরেকৃষ্ণ পাল (৫৫), পটুয়াখালী সদর উপজেলার প্রকৌশলীর স্ত্রী ইরা বেগম (৩০), পলি বেগম (৪০), সিরাজ (৬০), রাজা মিয়া (৫০), মাসুদ (৬০), বাদল (৪০), নিত্যানন্দ দাস, ইধাবতীকে রাজৈরে ও গুরুতর আহত অন্যান্যদের ফরিদপুর ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পরে রাজৈর থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এদিকে দুর্ঘটনার পর রাস্তার দুইপাশে শতশত যানবাহন আটকা পড়লে প্রায় ৬ কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টিহয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ রেকার দিয়ে রাস্তার উপর উল্টে পড়ে থাকা ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান ও উপজেলা নির্বাহী অফিসার শাহিনা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। রাজৈর থানার ওসি কামরুল হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশি প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয় এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআই
