পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্রে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দুই ব্যক্তি নিহতের খবর জানিয়েছেন দেশটির নিরাপত্তামন্ত্রী সালিফ ত্রাওর।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, ভয়াবহ এ হামলায় দুই বেসামরিক নাগরিক আহত হয়েছে। এছাড়া মালিয়ান স্পেশাল ফোর্সের গুলিতে নিহত হয়েছে চার হামলাকারী।
IMG0
জানা গেছে, দেশটির রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত পশ্চিমা নাগরিকদের কাছে জনপ্রিয় পর্যটন রিসোর্ট ‘লি ক্যামপেমেন্ট কাঙ্গাবা’তে চারজন বন্দুকধারী আকস্মিক ঢুকে ওই হামলা চালায়। পরে মালির নিরাপত্তা বাহিনী ও ফ্রান্সের সন্ত্রাসবিরোধী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করলে বন্দুকধারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় মালির বিশেষ বাহিনী বন্দুকধারীদের দ্বারা জিম্মিরত ৩২ জনকে মুক্ত করে।
নিরাপত্তামন্ত্রী বলেন, ‘আমরা দুই হামলাকারীর মরদেহ উদ্ধার করেছি। অপর দুজনের মরদেহ খোঁজ করছি। হামলাকারীদের মধ্যে একজনের কাছে একটি মেশিনগান ও বিস্ফোরকভর্তি বোতল পাওয়া গেছে।’
IMG1
বেশ কয়েক বছর ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে মালির সরকার। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। বিবিসি ও এএফপি।
ইত্তেফাক/সেতু
