মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

আপডেট : ১৯ জুন ২০১৭, ১৮:১০
মু্ক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ মুক্তাগাছার আব্দুস সালামসহ নয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। 
 
আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ১০ জুলাই দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল সোমবার এ আদেশ দেন। 
 
প্রসিকিউশিনের পক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সুবহান তরফদার ও মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে গত ২৯ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছার এই নয়জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
 
আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ অপহরণ, আটক ও নির্যাতনের সুনির্দিষ্ট ৮টি অভিযোগ আনা হয়েছে। ৯ আসামির মধ্যে ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন- মো. আব্দুস সালাম, সুরুজ আলী ফকির, মো. জয়েন উদ্দিন, মো. আব্দুর রহিম ওরফে নুরু বিএসসি, মো. জালাল উদ্দিন ও মো. রোস্তম আলী। পলাতক তিন আসামি হলেন- শমসের ফকির, ফজলুল হক ও সামসুল হক।-বাসস
 
ইত্তেফাক/ইউবি