ফখরুলের গাড়ি বহরে হামলায় জড়িতরা আমাদের শত্রু :নাসিম

আপডেট : ২০ জুন ২০১৭, ০২:৪৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, যারা এ ধরনের জঘন্য কাজ করেছে তারা আমাদের বন্ধু নয়, শত্রু। তদন্তের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। গতকাল সোমবার রাজধানীর হোটেল         প্যান প্যাসিফিন   সোনারগাঁওয়ে বয়সন্ধিকালীন স্বাস্থ্য সংক্রান্ত ২০১৭-২০৩০ মেয়াদি জাতীয় কৌশল অবহিতকরণ সভায় প্রধান অথিতির বক্তৃতায় ঘটনাটি দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ এ কাজকে সমর্থন করে না। অতীতে জননেত্রী শেখ হাসিনার উপর অসংখ্যবার হামলা হয়েছে। আমার উপরও সিরাজগঞ্জে হামলা হয়েছে যেখানে একজন নিহত হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা কারও ওপর হামলা করার পরিকল্পনা নিয়ে রাজনীতি করি না।’

ইউনিসেফ, ইউএনএফপিএ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চিকিত্সা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুলিনেয়ার,   ইউনিসেফ এর প্রতিনিধি  এডওয়ার্ড বেইবেদার,  ইউএনএফপিএর প্রতিনিধি ইউরি কাতো প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উন্নয়ন সহযোগীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ঢামেকে নতুন ২টি এমআরআই ও ১টি সিটি স্ক্যান মেশিন উদ্বোধন

পরে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন ২টি এমআরআই ও ১টি সিটি স্ক্যান মেশিন উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে নতুন এক হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনে সরকার উদ্যোগ নিচ্ছে। তারই নির্দেশে ঢাকা মেডিক্যাল হাসপাতালের নতুন ১৬ তলা ভবনের কাজ শিগগিরই শুরু করা হবে। এছাড়া রাজধানীর চানখাঁরপুলে বিশ্বের সর্ববৃহত্ বার্ন ইন্সটিটিউট এর কাজ চলছে। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নূহু