পাহাড় ধসের ঝুঁকিতে লাউয়াছড়া রেলপথ

আপডেট : ২০ জুন ২০১৭, ১০:২৬
 
রবিবার ও সোমবারের অবিরাম বর্ষণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা এলাকায় পাহাড় ধসে পড়েছে রেলপথের উপর। পাহাড় ধসে পড়ায় গতকাল সোমবার সকাল সোয়া আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেলপথের উপর থেকে রেলকর্মীরা মাটি সরিয়ে সংস্কার করার পর বেলা সাড়ে ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভানুগাছ ও শ্রীমঙ্গলে প্রায় ৯ কি.মি এলাকায় পাহাড়ি টিলার কারণে রেলপথ ও রেলব্রিজ ঝুঁকিপূর্ণ রয়েছে।
 
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, গত দুই দিনের অবিরাম বর্ষণের কারণে ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কি.মি অদূরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা এলাকায় রেলপথ সংলগ্ন একটি পাহাড়ে ধস নামে। পাহাড় ধসের মাটি এসে পড়ে রেলপথের উপরে। ফলে সোমবার সকাল সোয়া আটটা থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে য়ায়। এদিকে ভারী বর্ষণে লাউয়াছড়া উদ্যান এলাকায় চলতি বছরে ৮৫৬ নম্বর রেল ব্রিজে দুই দফা ব্রিজের গার্ডার ভেঙে পড়ে। ফলে লাউয়াছড়া উদ্যানের ৯ কি.মি এলাকায় রেলপথ ঝুঁকিপূর্ণ রয়েছে। শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ পাহাড় ধসে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘমারা এলাকা থেকে পাহাড় ধসের মাটি সরানোর পর বেলা সাড়ে ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ রেলওয়ে গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী রেনু মিয়া বলেন, ভারী বর্ষণের কারণে সিলেট-আখাউড়া রেলপথের ২৯৮-২/৩ মাইল পোস্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আরো বলেন, ভানুগাছ থেকে শ্রীমঙ্গল পর্যন্ত প্রায় ৯ কি.মি পাহাড়ি এলাকা থাকার কারণে রেলপথ কিছুটা ঝুঁকিপূর্ণ।
 
ইত্তেফাক/কেকে