চলচ্চিত্রের কল্যাণে তিনি আজ নায়করাজ। বাংলা চলচ্চিত্রের যিনি জীবন্ত কিংবদন্তী। ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো।
চলচ্চিত্রের এ মহান ব্যক্তিকে নিয়ে এবার ঈদে আরটিভিতে প্রচার হবে বিশেষ সেলিব্রেটি টকশো ‘এবং নায়করাজ’। বিভিন্ন প্রশ্ন নিয়ে উপস্থাপিকা হিসেবে এ অভিনেতার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
‘এবং নায়করাজ’ অনুষ্ঠানে রাজ্জাক তার ক্যারিয়ারের নিয়ে নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তার সমসাময়িক নায়িকাদের নিয়েও কথা বলেছেন তিনি। এছাড়াও কথা বলেছেন পরিবার, স্ত্রী ও সন্তান নিয়ে। অনুষ্ঠানে রাজ্জাককে চমক দিতে উপস্থিত হন ঘনিষ্ঠজন সঙ্গীতব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার।
শাহ আমীর খসরুর প্রযোজনায় ‘এবং নায়করাজ’ প্রচার হবে আরটিভিতে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে।
ইত্তেফাক/আনিসুর
