‘চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে’

আপডেট : ২০ জুন ২০১৭, ১২:০২
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরে (২০১৬-১৭) জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে। আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানান তিনি।
 
মন্ত্রী বলেন, আগামী অর্থবছরে (২০১৭-১৮) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ শতাংশ অর্জিত হয়েছে। 
 
তিনি বলেন, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি পণ্য বহুমুখীকরণকে উৎসাহিত করতে সম্ভাবনাময় এলাকাসমূহে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
অর্থমন্ত্রী বলেন, সারাদেশে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০১৭ সালের মে পর্যন্ত ২২টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন প্রদান করা হয়েছে। ৫৯টি অর্থনৈতিক অঞ্চলের জন্য স্থান নির্বাচন এবং ৭৬টি অর্থনৈতিক অঞ্চল গভর্নিং বোর্ড কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই