একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, 'আওয়ামী লীগ মানেই উন্নয়ন। এই উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।'
মঙ্গলবার দুপুরে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, 'নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট নানা ষড়যন্ত্র চক্রান্ত করবে। তারা আবারো ক্ষমতায় গেলে হাওয়া ভবন ও দুঃশাসনের বেড়াজালে জনগণ নিপতিত হবে।' বিএনপি'র হাওয়া ভবন সৃষ্টির পায়তারা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্যেও তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
নাসিম সতর্ক করে বলেন, 'দলীয় শৃঙ্খলার বাইরে গেলে, সে যত বড় নেতা বা কর্মী হোক না কেন- তাকে ছাড় দেয়া হবে না।' তিনি তার নির্বাচনী এলাকায় প্রতিটি ভেট কেন্দ্রে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে দ্রুত কেন্দ্র কমিটি গঠনেরও পরামর্শ দেন। নাসিম নিজ এলাকা কাজীপুরে নির্বাচনী প্রচারে দলের নেতা কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়ে নির্বাচনী সেল গঠনেরও ঘোষণা দিয়েছেন।
কাজীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। অন্যান্যের মধ্যে সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
