দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামতে হবে: তরিকুল

আপডেট : ২০ জুন ২০১৭, ২০:৩৫
 
৩০ লাখ শহীদের আত্মদানে অর্জিত স্বাধীনতাকে রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেন, 'দেশে বর্তমানে এমন এক পরিস্থিতি চলছে যখন মানুষের কথা বলার অধিকার নেই। বিচার চাইবার অধিকার নেই।'
 
তরিকুল আরও বলেন, 'ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কথা বলা যাবেনা- এমন ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।' নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ে নামার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
 
মঙ্গলবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।বিশেষ অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম নুরুল ইসলাম এবং দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
 
স্বাগত বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি। বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা হাফেজ শফিকুল ইসলাম।
 
ইত্তেফাক/জামান