খুলনায় আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিপলু মোল্লা (২৬) নামে এক ছাত্রদল কর্মীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর দেয়ানায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম জানান, রাত পৌঁনে ১০টার দিকে শিপলু মোল্লা তার দেয়ানার বাসার সামনে দাঁড়িয়েছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে সে মারা যায়।
নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শিপলু মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর জোনের সহকারী কমিশনার সোনালী সেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিপলু মোল্লাকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে।
ইত্তেফাক/নূহু
