পারভীনের ঈদ অ্যালবাম ‘স্নিগ্ধ শিশির নিয়ে’

আপডেট : ২১ জুন ২০১৭, ১১:৫৮
 
আসছে ঈদুল ফিতর উপলক্ষে পারভীন সুলতানার গানের একক অ্যালবাম প্রকাশ করেছে বাংলাদেশের প্রথম অনলাইন মিউজিক শপ প্রো-টিউন বিডি। protunebd.com সাইট থেকে অ্যালবামটি কেনা যাবে।
 
অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী পারভীন সুলতানার জন্ম ফরিদপুরে। তার মা শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বীর বোন। মা-ও গান করতেন। মায়ের কাছেই ছোটবেলায় গানের হাতেখড়ি। প্রাতিষ্ঠানিকভাবে নজরুলের গান শিখেছেন ছায়ানট থেকে। পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে।
 
এবার গীতিকার ও সুরকার ওবায়দুর রহমানের তত্ত্বাবধানে আটটি আধুনিক বাংলা গানের সিডি ‘স্নিগ্ধ শিশির নিয়ে’র মাধ্যমে সংগীত ভুবনে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটলো। ইতোমধ্যে আজাদ রহমানের কথা ও ওবায়দুর রহমানের সুরে পারভীনের গাওয়া ‘তোমাকে ভালোবেসেছি’ গানটি ইউটিউবে বেশ প্রশংসিত হচ্ছে। তার অন্যগানগুলোও শ্রোতাদের প্রিয় হয়ে উঠেছে।
 
পারভীন বলেন, গান তার নেশা। তাই দূরে থাকলেও গান ছাড়তে পারেননি। প্রথম অ্যালবাম প্রকাশের অনুভূতি জানাতে গিয়ে বললেন, আমার গান কারো মনে ভালোবাসা জাগাতে পারলে নিজেকে সফল মনে করবো।
 
ইত্তেফাক/আনিসুর