ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে উপকূলের জেলেরা

আপডেট : ২১ জুন ২০১৭, ১৩:৫৪
 
দেশের উপকূলীয় জেলা ভোলায় নদী ও সমুদ্রে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আষাঢ়ের অবিরাম বর্ষায় সামনে ইলিশের ভরা মৌসুম। তাই নদী-সাগরে যাওয়ার জন্য জেলার প্রায় ৪ লাখ জেলে জাল বুনন, ট্রলার মেরামত ও পুরাতন জাল রিপু করতে ব্যস্ত সময় পার করছেন।
 
গত বছর প্রচুর ইলিশ ধরা পড়ায় এবার যেন আগ্রহ অনেক বেড়ে গেছে জেলে পল্লীগুলোতে। বিভিন্ন জনের কাছে ধার-দেনা করে পুরোদমে প্রস্তুতি চলছে ইলিশ ধরার।
 
জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম মেম্বার জানান, আষাঢ়ের মাঝামাঝি সময় থেকে এবছর ইলিশ পড়া শুরু হতে পারে।  তাই এই সময়টাকে সামনে রেখে জেলার ৭ উপজেলার প্রায় ৮ হাজারের বেশি নৌকা-ট্রলার প্রস্তুত করা হচ্ছে।
 
জেলা মৎস্য কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, মার্চ ও এপ্রিল ২ মাস অভায়শ্রমে কঠোরভাবে পালিত হয়েছে ইলিশসহ সব ধরেনের মৎস্য রক্ষা কার্যক্রম। এছাড়া জাটকা সংরক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে এবছর ৩৫ থেকে ৪০ ভাগ ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 
ইত্তেফাক/এমআর