অবশেষে গ্রেফতার হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি চিন্নাস্বামী কারনান। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ দল মঙ্গলবার রাতে কারনানকে তামিলনাড়ুর কোয়ম্বত্তূর শহরে তার এক পরিচিতের বাড়ি থেকে গ্রেফতার করে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বুধবার কারনানকে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে। সুপ্রিম কোর্ট তাকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অজিত সেনগুপ্ত অবসর নেওয়ার দু’বছর পর, ১৯৯৬ সালের ডিসেম্বরে গ্রেফতার হন।
মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলি হওয়ার পর, নিজের বদলির নির্দেশের উপর নিজেই স্থগিতাদেশ জারি করে শিরোনামে এসেছিলেন কারনান। তারপর বিচার বিভাগের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লেখেন। প্রথা ভেঙে এভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিচার বিভাগের নিন্দা করার জেরেই তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়।
IMG0
কিন্তু দেশের প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আট বিচারপতির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন কারনান। বারবার দেশের শীর্ষ আদালতকে কারনান যেভাবে অগ্রাহ্য করেছেন, তা আদালত অবমাননার সামিল বলে মনে করে সুপ্রিম কোর্ট। তাই তাকে কারাদণ্ড দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
