বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ‘প্যাথলজিক্যাল লায়ার’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ওর (রিজভী) কাজই হচ্ছে বসে বসে মিথ্যাচার করা। এর জন্যই ওকে ওখানে নিয়োজিত করা হয়েছে। হি ইজ ‘এ প্যাথলজিক্যাল লায়ার’।
ওবায়দুল কাদের বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শন এবং হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধনকালে এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আহসান উল্যাহ মাস্টার, শাহ এইচএসএম কিবরিয়া, আইভি রহমানসহ আমাদের ২১ হাজার নেতাকর্মীর রক্তের দাগ বেগম জিয়া এবং তার নেতাদের হাতে আছে। সেই রক্তের দাগ এখনো শুকায়নি। কে গুপ্ত হত্যা বাংলাদেশে শুরু করেছিল। আমাদের অনেক নেতাকর্মীকে আজ পর্যন্ত তার ফ্যামিলির লোকজন খুঁজে বেড়ায়। রক্তে রক্তে বাংলাদেশ রক্ত নদী হয়ে গেছে বিএনপির আমলে। খুনে খুনে খুনের দরিয়া হয়ে গেছে। তারা আবার গুম খুনের কথা বলে। তাদের মুখে এটা শোভা পায় না।
মন্ত্রী বলেন, সমন্বিতভাবে এখন রাস্তায় শৃঙ্খলা বজায় রাখা হবে। গত দুদিন বৃষ্টি ছিল না। যেখানে যেখানে পানি জমেছে, সমস্যা হয়েছে তা মেরামত করা হয়েছে এবং মেরামতের কাজ এখনো চলছে। আমি আশা করি, বাংলাদেশের রাস্তা এখন পাসেবল আছে, ইউজেবল আছে। তা ছাড়া দিনরাত আমাদের ইঞ্জিনিয়াররা, পুলিশ, হাইওয়ে পুলিশ সবাই রাস্তায় কাজ করছে। আমি আশা করি, ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছে। খুব বেশি ডিজাস্টার (দুর্যোগ) না হলে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারব।
মন্ত্রী আরো বলেন, সংসদ অধিবেশন চলছে। আমি সেখানে না গিয়ে রাস্তায় এসেছি। কারণ ঈদের সময় ঘরমুখো মানুষের স্বস্তি দিতে হবে। যাত্রাপথ নিরাপদ করতে হবে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও মনিটর করছেন। আমাকে নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে সমন্বিতভাবে জনগণের যাত্রাপথ স্বস্তিদায়ক করতে হবে। আমরা সবাই প্রধানমন্ত্রী নির্দেশে রাস্তায় সক্রিয় আছি।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জেরে ডিআইজি আতিকুল আলম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ।
দুই নির্বাহী প্রকৌশলীকে শোকজ : কর্তব্য অবহেলার জন্য গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজা এবং মানিকগঞ্জের সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী দুপুরে হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ উদ্বোধন শেষে এ নির্দেশ দেন। সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু এ তথ্য জানান।
ইত্তেফাক/ইউবি
