টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে বানিয়ারা গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (১০) এবং জামাল মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (৭)। মরিয়ম পঞ্চম শ্রেণির ছাত্রী এবং ফাতেমা নার্সারিতে পড়ে। নিহত দুই শিশু চাচাতো বোন।
মরিয়মের পিতা ইয়াসিন মিয়া জানান, মরিয়ম ঢাকায় থাকে। বুধবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে।বাড়িতে এসে দুপুরে মরিয়ম ও ফাতেমা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে প্রথমে ফাতেমা পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করার জন্য মরিয়ম চেষ্টা করলে সে নিজেও পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন ঘটনাটি জানতে পেরে তাদের উদ্ধার করার জন্য পুকুরে নামে। অনেক চেষ্টার পর তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
