স্পেনের করা কর ফাকির অভিযোগ প্রত্যাখ্যান করলেন মরিনহোর উপদেষ্টারা

আপডেট : ২১ জুন ২০১৭, ১৭:৫৮
হোসে মরিনহোর বিরুদ্ধে স্পেনের করা কর ফাকির অভিযোগ প্রত্যাখ্যান করলেন তার উপদেষ্টারা। তিনি কয়েক মিলিয়ন ইউরো কর প্রদানে ব্যর্থ হয়েছেন বলে স্প্যানিশ কর্তৃপক্ষের দাবী প্রত্যাখ্যান করে তারা বলেছেন তাকে এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে এই ধরনের বিষয় সম্পর্কে অবহিত করেনি স্পেন কর্তৃপক্ষ।
 
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালন করা রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচের বিরুদ্ধে ৩.৩ মিলিয়ন ইউরো কর ফাকির অভিযোগ তুলেছে স্পেনের রাষ্ট্রীয় কৌসুলিরা।
 
৫৪ বছর বয়সী পুর্তগীজ এই কোচ ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে দায়িত্ব পালন করেছেন। তাকে দুটি বিষয়ে অভিযুক্ত করে মাদ্রিদের আইন কর্মকর্তার দপ্তর। এক বিজ্ঞপ্তিতে দপ্তরটি জানায়, স্পেনের রাজধানীতে কর্মরত অবস্থায় তিনি ২০১১ সালে ১.৬ মিলিয়ন এবং ২০১২ সালে ১.৭ মিলিয়ন ইউরোর হিসাব দিতে ব্যর্থ হয়েছেন। 
 
এর জবাবে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৫ সালের ৩ জুলাই তারিখে কর পরিশোধের একটি ডকুমেন্টের কপিও প্রেরণ করে মরিনহোর প্রতিনিধিরা। এতে বলা হয়, মরিনহো ২৬ মিলিয়ন ইউরোরও বেশী কর পরিশোধ করেছেন, যা ২০১৫ সালে কর কর্তৃপক্ষের নিয়মিত করণ রেটের চেয়ে ৪১ শতাংশ বেশী। 
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,‘ মরিনহোর কাছে স্প্যানিশ কর্তৃপক্ষের দেয়া কর হালনাগাদের একটি সার্টিফিকেটও রয়েছে, যার মাধ্যমে তাকে কর সংক্রান্ত সবধরনের দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা