এরদোয়ানের বিরুদ্ধে আদালতকে প্রভাবিত করার অভিযোগ বিরোধী নেতার

আপডেট : ২১ জুন ২০১৭, ১৮:০৮
তুরস্কের প্রধান বিরোধী দলীয় নেতা মঙ্গলবার প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের বিরুদ্ধে বিচার বিভাগকে প্রভাবিত করার অভিযোগ এনেছেন। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলিকদারোগলু গত সপ্তাহে তার দলের আইনপ্রণেতা ইনিস বার্বারোগলুকে ২৫ বছরের কারাদন্ড দেয়ার পর এ বিচারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছেন।
 
২০১০ সালে সিএইচপি’র দায়িত্ব নেয়ার পর থেকে এরদোগানের বিরুদ্ধে এটি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, সংবাদপত্রে গোপন তথ্য ফাঁসের দায়ে ইস্তাম্বুলের একটি আদালত গত সপ্তাহে সাবেক সাংবাদিক ও আইনপ্রণেতা ইনিস বার্বারোগলুকে এ কারাদণ্ড দেয়। 
 
প্রতি সপ্তাহে দলের নেতারা তাদের আইনপ্রণেতাদের উদ্দেশে আঙ্কারায় পার্লামেন্টে বক্তব্য দিলেও মঙ্গলবার কালিকদারোগলু রাজধানীর উপকণ্ঠে ক্যামলিদেরে শহরে শত শত জনতার সামনে বক্তব্য দেন। বিচার বিভাগকে সরকার প্রভাবিত করছে এমনটা প্রমাণিত হলে তিনি এরদোয়ানকে পদত্যাগেরও চ্যালেঞ্জ জানান।
 
তিনি এরদোয়ানের প্রতি প্রশ্ন রেখে বলেন, আদালতকে প্রভাবিত করার অভিযোগটি প্রমাণ করতে পারলে আপনি কি সৎ ও সম্মানিত ব্যক্তির মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন? কিন্তু আমি কথা দিচ্ছি অভিযোগটি প্রমাণ করতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। কারণ আমি সৎ এবং সম্মানিত ব্যক্তিত্ব।
 
ইত্তেফাক/সাব্বির