বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিশোধ নেয়া হবে: দুদু

আপডেট : ২১ জুন ২০১৭, ২০:৩০
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী দিনে সহায়ক সরকার প্রতিষ্ঠা করে ২০ দলীয় জোটকে ক্ষমতায় বসানোর মাধ্যমে বিএনপির নেতাদের উপর হামলার প্রতিশোধ নেয়া হবে। সরকারের সাথে ঈদের পরে হবে ফায়সালা। এই ফয়সালা হবে গণতন্ত্রের এবং সহায়ক সরকার প্রতিষ্ঠার।
 
সরকারের উদ্দেশে দুদু বলেন, যত চেষ্টা ও বিএনপির নেতাদের উপর ভয়ভীতি প্রদর্শন করুন না কেন ক্ষমতায় আপনারা আর থাকতে পারবেন না। তারা ভালো করেই জেনে গেছে প্রতিবেশী দেশসহ ইউরোপীয় ইউনিয়ন তাদের সাথে নেই। ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়েই তারা বিএনপির নেতাদের উপর হামলা করছে।
 
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় দল আয়োজিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের উপর নগ্ন হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক নাগরিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয় দলের সভাপতি অ্যাড. সৈয়দ এহসানুল হুঁদার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
 
দুদু বলেন, সময় থাকতে বিএনপির চেয়ারপারসনের সাথে আলোচনা শুরু করেন। ব্যর্থ হলে আপনাদের আন্দোলনের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্দোলন প্রিয়, অতীতে তারা অনেক বার প্রমাণ দেখিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা যখন আবার ঝাঁপিয়ে পড়বে তখন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।
 

ইত্তেফাক/এএম।