কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন বিদ্রোহী নিহত

আপডেট : ২২ জুন ২০১৭, ১৩:৩৬
ভারত শাসিত কাশ্মীরে বুধবার রাতে সরকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বিদ্রোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে।
 
সশস্ত্র জঙ্গিদের ঘাঁটি সন্দেহে সেনা ও বিশেষায়িত জঙ্গি বিরোধী পুলিশ সদস্যরা একটি আবাসিক এলাকা ঘিরে ফেলে। এরপর উভয়পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।
 
এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযানকালে বিপুল সংখ্যক লোক বাড়িঘর থেকে রাস্তায় বেরিয়ে এসে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে স্লোগান দেয় এবং জঙ্গিদের পালিয়ে যেতে সুযোগ করে দেয়ার জন্য সেনাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে।
 
সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ‘এই ঘটনায় তিন সন্ত্রাসী নিহত ও ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’ প্রত্যক্ষদর্শীরা বরাতে জানা গেছে, সেনারা শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কাকাপোরার ওই বাড়িটি উড়িয়ে দিয়েছে। এছাড়া বুধবার সকালে উত্তরাঞ্চলীয় সোপোরে এলাকায় বন্দুকযুদ্ধে সেনাদের গুলিতে দুই বিদ্রোহী নিহত হয়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু