শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে সমৃদ্ধ জাতি হিসেবে দেশকে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য এ বাজেট দেয়া হয়েছে। বাজেটে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা হয়েছে।
বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে ধারাবাহিকভাবে গণমুখী বাজেট প্রদান করেছে। এবারের বাজেটে একইভাবে দেশের বৃহত্তর জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সাফল্যের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে সমৃদ্ধ জাতি হিসেবে আত্ম প্রকাশ করেছে।
তিনি বাজেটের সমালোচনার জবাবে বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ’৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে এ বাজেট দেয়া হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে অনেক ভালো দিক রয়েছে বিশেষ করে নিত্যপণ্য, জীবন রক্ষাকারী পণ্য, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যকে বাজেটে ভ্যাটের আওতার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। বিশেষ করে আগামী কয়েকবছরের মধ্যে দেশের সকল গরীব ও নিম্ন আয়ের মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার লক্ষ্য নিয়ে বাজেটে এ বরাদ্দ দেয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
