বলছি দুই গোলামের কথা। একজন গোলাম সোহরাব দোদুল আর অন্যজন গোলাম রাব্বানী। একজন নাটক নির্মাণ করেন আর অন্যজন নাটক লেখেন। তারা দীর্ঘ দিন ধরে এক সঙ্গে কাজ করেছেন। দীর্ঘ বিরতির পর এই ঈদে তারা আসছেন তিনপর্বের একটি ঈদ ধারাবাহিক নিয়ে। প্রতি পর্বের দৈর্ঘ্য থাকবে ৪০ মিনিট করে।
'বিবাহ অভিযান' নামের এ নাটকটি বহুল আলোচিত দীপ্ত টিভির এবার ঈদের অন্যতম আকর্ষণ হিসেবে প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত। আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ, অপর্ণা ঘোষ, শিল্পী সরকার অপু, রাশেদ মামুন অপু, শাহেদ আলী, আইরিন তানি, মিম চৌধুরীসহ আরো অনেকে।
দোদুল বলেন, ‘ঈদে আসলে মানুষ টিভি সেটের সামনে বসে একটু আনন্দই চায়। আমরা চেষ্টা করছি মানুষকে আনন্দ দেওয়ার খোরাক তৈরি করতে। নাটকটি দেখলে হাসতে হবে।’
আর গল্পটি নিয়ে রাব্বানী বলেন, ‘মূলত বিদেশ ফেরত এক পাত্রের পাত্রী দেখাকে কেন্দ্র করে নাটকটির গল্পের অবকাঠামো তৈরি হয়েছে। কিন্তু এরই মাঝে সমসাময়িক নানান ইস্যু স্যাটেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। মানুষ নাটকটি দেখলে নির্মল আনন্দ পাবেন এটুকু বলতে পারি।’
গত ১৮ জুন থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে ঢাকার উত্তরায়। ২৫ জুন পর্যন্ত শুটিং চলার কথা রয়েছে। উল্লেখ্য যে, এর আগে ধারাবাহিক নাটক ‘কমেডি অ্যাট কলোনি’ এবং টেলিছবি ‘একটি অপরাধ বিষয়ক পরিকল্পনা’য় একসঙ্গে কাজ করেছেন গোলাম সোহরাব দোদুল ও গোলাম রাব্বানী।
ইত্তেফাক/সাব্বির
