ঈদের জামাতে নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে : আইজিপি

আপডেট : ২২ জুন ২০১৭, ১৮:৪৯
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ দেশব্যাপী সব ঈদের জামাতে নিশ্চিদ্র নিরাপত্তার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন গুলশান পুলিশ প্লাজা কনকর্ড মার্কেটে ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। 
 
আইজিপি বলেন, দেশব্যাপী ঈদের জামাতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আশা করি, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় ছিন্ন করে কেউ কোন ধরনের নাশকতার সাহস পাবে না।  
 
এ কে এম শহীদুল হক বলেন, ঈদ উপলক্ষে চাঁদাবাজি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ব, বিভিন্ন ধরনের প্রতারণা নেই বললেই চলে। পুরো রমজান মাস এবং ঈদের কেনাকাটায় বিপণী বিতানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় ব্যবসায়ীরা সন্তুষ্ট। সাধারণ মানুষ নির্বিঘ্নে কেনা-কাটা করছেন।
 
পুলিশ প্রধান বলেন, ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়ছেন। মানুষের বাড়ি ফেরা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কগুলোর কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। এ সব যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে যাতে মানুষের ভোগান্তি কম হয়। বাসস
 
ইত্তেফাক/ইউবি